অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী ও দেশের বৃহত্তম সারের মোকাম খ্যাত অভয়নগরের নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আবারও বোমা হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করতে ব্যবসায়ীদের মাঝে। এঘটনায় বোমা হামলার সাথে জড়িত ৩জনকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ। তবে গত বুধবার (১লা অক্টোবর) দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় ৩ জনকে আটক করলেও গত ১৮ জুলাই নোয়াপাড়া গ্রুপের সুফলা বিল্ডিংয়ে বোমা হামলার ঘটনায় কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ।
ব্যবসায়ীরা জানায়, দেশের স্বনামধন্য ও প্রথম শ্রেনির আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের নওয়াপাড়া বাজারস্থ সুফলা ভবনে বোমা হামলার জট না খুলতেই চাঁদার দাবিতে এবার একই সময়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা চালিয়েছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। গত ১৮ জুলাই ভোরে সুফলা ভবনে বোমা হামলা চালানো হয়। এর পর নওয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, ঘাট শ্রমিক ও মোটর শ্রমিকরা যৌথভাবে দফায় দফায় আন্দোলন সংগ্রাম করে আল্টিমেটাম দিলেও পুলিশ এ বোমা হামলার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। বর্তমানে সুফলা ভবনের বোমা হামলার মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে তদন্তাধীন রয়েছে বলে জানাগেছে।
এদিকে বুধবার (১লা অক্টোবর) একই দিনে দুটি প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনায় জড়িত তিন জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ দাবি করেছে, আটককৃত তিন জনই এ বোমা হামলার দায় স্বীকার করেছে। এর আগে বোমা হামলার পর এ বোমা হামলার দায় স্বীকার করে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এল (জনযুদ্ধ) এর খুলনা বিভাগীয় প্রধান দাবি করে সজল আহমেদ ওরফে কানা বাবু নামে এক ব্যক্তির দেয়া উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ বোমা হামলার দায় স্বীকার করা হয়।