রাবি রিপোর্টার: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ নামের তিনদিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের অফিস সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। প্রদর্শনীটি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে। এতে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের ছবি, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নির্যাতনের ছবি, প্রতীকী আয়নাঘরসহ স্বৈরাচারী সরকারের ব্যাঙ্গাত্মক নানা ধরণের ছবি স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিবিরের অফিস সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, “জুলাই বিপ্লব শুরু হয়েছে মূলত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলো থেকে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে রাবি শিবিরের তিনদিনব্যাপী এই আয়োজন। জুলাইকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই অপ্রতিরোধ্য যাত্রা তা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে জুলাই কি আবার নতুন করে ধারণ করতে শেখাবে। আমরা এই চেতনাকে যতদিন ধারণ করবো ততদিন বাংলাদেশের উপর অন্য কোন শক্তি মাথা চাড়া দিতে পারবে না।” রাবি শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, “জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই সাংস্কৃতিক ফেস্টের আয়োজন। এই ফেস্টের মাধ্যমে আমরা স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরতে চেয়েছি। এজন্যই মূলত ফ্যাসিস্ট কর্নার, প্রতীকী আয়নাঘর, রাবি ছাত্রলীগের সোনালী সময়গুলো শীর্ষক কর্ণারে তাদের অপকর্মের ছবিগুলো তুলে ধরা হয়েছে।”