তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেন, সৎলোক তৈরির জন্য কুরআনের শিক্ষা অপরিহার্য। আল কুরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তা’য়ালা নাযিল করেছেন। আল কুরআন মানুষকে সঠিক পথ প্রদর্শন করে, মানুষকে আল্লাহর নিকটবর্তী সৎ গোলাম হিসাবে তৈরী করে।

তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, গাজীপুর, টঙ্গি শাখা ক্যাম্পাসে ২১ দিন ব্যাপী সার্বক্ষণিক মুয়াল্লিম কোর্সের সমাপনী দিবসে গতকাল শনিবার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুয়াল্লিমদেরকে শিশু থেকে বয়স্ক পর্যন্ত কুরআন শিক্ষাদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন ও সদা তৎপর থাকতে হবে। আল কুরআন শিক্ষাদানের প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট বহন করা দায়িত্ব পালন নয় বরং সাহাবায়ে কেরাম ও যুগে যুগে আলোকিত দ্বীনের দাঈদের অনুসরণ করে বাংলাদেশের প্রতিটি ঘরে কুরআনের শিক্ষা পৌঁছিয়ে দিতে হবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, মক্তব ও পাড়া-মহল্লায় সর্বস্তরে মানুষকে কুরআন শেখানোর কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে। আল কুরআন নাযিলের লক্ষ ‘মানুষকে অন্ধকার থেকে আলোর পথে’ ধাবিত করার কাজ গুরুত্ব সহকারে করতে পারলে ন্যায়-ইনছাফ ভিত্তিক সমাজ কায়েম করা সম্ভব।

প্রশিক্ষণ প্রাপ্ত মুয়াল্লিমদেরকে তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের পদ্ধতি অধিকতর চর্চার মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা অর্জনে তৎপর থাকার উপর তিনি গুরুত্বারোপ করেন।

মুয়াল্লিম কোর্সে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী। প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় উস্তাদ মাওলানা আবদুর রহিম, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ ক্বারী জাকির হোসাইন ও ক্বারী মো: মাওলানা নূরুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার, টংগী, গাজীপুর এর উস্তায মাওলানা নূরুল আমিন। প্রেসবিজ্ঞপ্তি।