হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলম রবিবার রাতে ঐতিহ্যবাহী উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সফরে আসেন।

সফরের শুরুতেই তাঁরা হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমীর মরহুম হযরত আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং মরহুম জুনায়েদ বাবুনগরী (রহ.) এর কবর জিয়ারত করেন।

রাত ১০টার দিকে জামিয়ায় পৌঁছালে তাঁদের স্বাগত জানান মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিন সাহেব এবং মুহাদ্দিস অধ্যাপক মাওলানা আশরাফ আলী নিজামপুরী, শিক্ষক মাওলানা নিজাম সায়্যিদসহ অন্যান্য আলেম-শিক্ষকবৃন্দ।

পরে এনসিপি নেতৃবৃন্দ জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। এসময় প্রধান মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন তার রচিত কিতাব এবং জামিয়ার পক্ষ থেকে নির্বাচিত কিছু মূল্যবান পুস্তক নাহিদ ও সারজিসের হাতে তুলে দেন।