চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে আ’লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিনগর ইউনিয়ন ভূমি অফিসে সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আইয়ুব আলী ভেন্ডার, একরাম হোসেন হোসেন ও বাপ্পী হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৮-১০ জন শুক্রবার দিবাগত রাতে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভূমি অফিসের সামনে মনির ভেরাইটিজ স্টোরে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে দোকানটি কুপিয়ে তছনছ ও মালামাল লুট করে পিকআপযোগে নিয়ে যায়। হামলার সময় দোকানে ঘুমিয়ে থাকা মনির হোসেন বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ককটেল ফাটিয়ে ভীতি ছড়িয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার ঘটনায় মোঃ খায়ের নামে আরও একজন আহত হন।