চুয়াডাঙ্গা সংবাদদাতা : ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় র‌্যালি আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহামেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, সদর হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন প্রমুখ।