শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর ও গাজীপুর-৩ এর জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা বাংলাদেশটাকে একটা নতুন জায়গায় দেওয়ার জন্য স্বপ্ন দেখি এবং নতুন করে সাজানোর স্বপ্ন দেখি। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছি সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও বৈষম্য দূর হয়নি।

তিনি বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি। বার বার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের সত্যিকারের ভাগ্যের পরিবর্তন হয়নি। ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১০ টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আবু সাইম এর সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি আবদুল কাদেরের সঞ্চালনায় কেন্দ্রীয় ঘোষিত বায়তুলমাল ও সাংগঠনিক পক্ষ পালন উপলক্ষে ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরামা ইসলামি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসাইন খান, গোসিংগা ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা মনিরুজ্জামান,সাবেক সভাপতি মাসুদুল হাসান, সাবেক সভাপতি মাসুদুল হাসান শামীম, ইউনিয়ন বর্তমান সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ।