পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রহিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।

সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) আনুমানিক দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলেরবাড়ী এলাকায় বসতবাড়ির জমির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানা যায় গত মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজ বসত বাড়ীর জমিতে গাছ লাগাতে যায় রহিজ উদ্দিন, এ সময় গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিবেশী ভাগ্নে সাহেব আলীর (২৫) সাথে বিতর্কে জড়িয়ে পরেন রহিজ উদ্দিন (৪৫)। তর্ক বিতর্কের এক পর্যায়ে রহিজ উদ্দিনের বুকে উপর্যুপরি ঘুসি মারতে থাকে প্রতিবেশী ভাগ্নে সাহেব আলী, এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে মামা রহিজ উদ্দিন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় পথেই তার মুত্যু হয় বলে জানা গেছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা( ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে গাছ লাগানোর ঘটনায় বুকে ঘুষি মারায় মৃত্যুর কথা শুনেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’