দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে পিএম (ফিলিপনগর-মরিচা) কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমের দায়ের করা মামলায় গতকাল সোমবার সকালে তাকে ও তার ভাই কলেজের নৈশ প্রহরী ইউনুস আলীকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। ৫ আগস্ট ফ্যাসিবাদী ও গণহত্যার পৃষ্ঠপোষক হাসিনা সরকার পতনের পর কলেজের ছাত্র ও এলাকাবাসীর তোপের মুখে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী, কলেজের শিক্ষক-কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ পিএম কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান মাসুমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন। এরপর থেকে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুমকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। গত ১৪ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম কলেজে গেলে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নান ও তার লোকজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অফিস কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ, নগদ টাকা, রেজুলেশন বই, শিক্ষক-শিক্ষিকার হাজিরা খাতাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউর রহমান মাসুম বাদী হয়ে পলাতক অধ্যক্ষ আব্দুল মান্নানকে প্রধান আসামী করে ১৭ মে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।