কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামের স্কুল ছাত্রী নাফিজা জান্নাত আনজুম (১৫) হত্যায় অভিযোগ জুনেল মিয়া (৩৯) কে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আসামীর দেখানোমতে এবং পুলিশের তল্লাশিকালে হত্যাকান্ডের আশপাশে বিভিন্ন স্থানে রাখা আনজুমের স্কুল ব্যাগ, বোরাকা, বই ও একটি জুতা উদ্ধার করা হয়। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার পুলিশ পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্যসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৬টি টিম গঠন করে। স্থানীয় লোকজনের বক্তব্য এবং ঘটনাস্থলে কিছু আলামতের ভিত্তিতে পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ জুনেল মিয়াকে গ্রেফতার করে। জুনেল মিয়ার মোবাইলের ব্রাউজিংয়ে পর্ন সাইডের তথ্য দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত জুনেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ সুপারের সামনে রাত ১২টার দিকে হত্যাকান্ডের বিষয় স্বীকার করে।