মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের নারী সদস্যদের ওপর নির‌্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. নজরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার। তিনি অভিযোগ করেন, একই গ্রামের নুরুল ইসলাম ও তার ছেলে রাজমিস্ত্রি হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে শারীরিকভাবে নির‌্যাতন, রক্তপাত এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছেন। শারমিন আক্তার বলেন, ‘গত শনিবার (১৮ অক্টোবর) সকালে তারা পরিকল্পিতভাবে আমাদের সিপাই কান্দি গ্রামের বাড়িতে হামলা চালায়। এতে আমার বাবা ও মা গুরুতর আহত হন। বর্তমানে তারা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

তিনি আরও জানান, এর আগে ২০২৪ সালের ১০ নভেম্বর সকালে ইজমালী পুকুরের ঘাটলায় কাজ করার সময় হোসেন তার মা লুৎফা বেগমের ওপর ধারালো দা দিয়ে কোপ দেন। এতে তিনি গুরুতর জখম হন এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় নূরুল ইসলাম তার ছোট বোনকে লোহার রড দিয়ে আঘাত করলে হাতের হাড় ভেঙে যায় বলে দাবি করেন তিনি।

শারমিন আরও বলেন, ‘ঘটনার পর মামলা দায়ের করলে আসামিরা জামিনে বের হয়ে উল্টো আমাদের পরিবারের সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি শুরু করে। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর নুরুল ইসলাম বাদী হয়ে আমার ভাই মিন্টু, বোন শাম্মি ও ভাইয়ের স্ত্রী মুক্তাকে আসামি করে ৩০৭/৩২৩/৩২৫/৩৫৪ ধারায় মামলা দায়ের করেন।’