মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর অভিযানে একনলা দেশীয় বন্দুক, কার্তুজ, টাকা গণনার মেশিন ও নগদ টাকা-বিদেশি মুদ্রাসহ ১৬ মামলার আসামি আবুল কালাম (৪১) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী বদরপুর মোল্লাকান্দি এলাকার রিপনের দু’তলা বিশিষ্ট পাকা বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এর নেতৃত্বে র্যাব-১১, সিপিসি আদমজীনগরের টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আটক হন মো. আবুল কালাম (৪১)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জামালপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী আশ্রয়ন প্রকল্পে বসবাস করছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ ১৬টি মামলা রয়েছে।