নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়ন ভূমি অফিসের কাজ ৫ বছর পূর্বে সমাপ্ত হলেও অদ্যাবধি শুরু হয়নি অফিসের কার্যক্রম। স্বরূপকাঠি পৌরসভা ভূমি অফিসে সদর ইউনিয়নের ভূমিসেবা কার্যক্রম চলছে। যার ফলে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সদর ইউনিয়ন এবং পৌরসভার নাগরিকরা।
স্বরূপকাঠি পৌরসভার মোট জনসংখ্যা- ২৩৩৬৬ জন যার মধ্যে পুরুষ- ১২৭০৬ জন এবং মহিলা- ১০৬৬০ জন। অপরদিকে স্বরূপকাঠি সদর ইউনিয়নের মোট জনসংখ্যা- ১৫০৪৫জন যার মধ্যে পুরুষ-৭০১৬ জন এবং মহিলা ৮০২৯ জন। অর্থাৎ ৩৮৪১১ জন নাগরিকের পরিবারসমূহ সার্ভিস নিতে হচ্ছে একটি অফিস থেকে। এ কারণে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে ভূমি সেবা প্রাপ্তদের। পৌরসভা এবং সদর ইউনিয়নের ভূমি সেবা এক অফিস থেকে দেওয়া হলেও জনবলের দিক থেকে সেবা প্রার্থীরা সেখানেও পিছিয়ে রয়েছে। একটি অফিসের স্টাফ দিয়ে দুইটি ইউনিয়নকে সেবা নিতে হচ্ছে।
সদর ইউনিয়নের ভূমি অফিসটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৬০ লক্ষ টাকা। ভবনটি সম্পন্ন হওয়ার পরে দীর্ঘদিন পড়ে থাকায় অফিসটির দেয়াল এবং বাউন্ডারি গ্রিল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। লতা পাতা সহ বিভিন্ন ধরনের বনজ গাছপালা ভবনটির আশপাশ ভুতুড়ে অবস্থার সৃষ্টি করেছে।