বাগেরহাট জেলার মোংলা উপজেলায় জলাবদ্ধতা মোকাবিলা ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে “উপজেলা পানি কমিটি” গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে এবং যুক্তরাজ্যের ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ফিশনেট প্রকল্প এর আওতায় এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি মোংলা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক, নারী উদ্যোক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সভার সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলনের অন্যতম অগ্রণী মুখ, সাংবাদিক ও মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ।

সভায় ফিশনেট প্রকল্পের ব্যবস্থাপক বিলকিস খাতুন প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় সমন্বিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা প্রয়োজন।