মনিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোরের মনিরামপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, শিক্ষা উপকরণ ও ফুল তুলে দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা স্কুল সম্পাদক ও উপজেলা পরিচালক নাহিদ ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কার্যপরিষদ সদস্য, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট গাজী এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসানুল বারী, প্রভাষক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক ফজলুল হক, ছাত্রশিবিরের যশোর জেলা সেক্রেটারি মিনারুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে ছিলেন ড. মো. রিপুল কবির, সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়, ডা. মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক এবং প্রভাষক মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আসম ওবায়দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর দেশ ও জাতির নেতৃত্বে আসবে। এজন্য তাদের নৈতিকতা, চরিত্র ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শে সুশিক্ষিত নতুন প্রজন্মই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রধান শক্তি হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।