বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে পচে যাওয়া বিতরণ অনুপযোগী ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটি চাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। রোববার বিকেলে ৭ মেট্টিক টন পচা চাল গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। পচা চালের দুর্গন্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকুলে প্রায় ৩১ মেট্টিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। ২৯ মে খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভা হলরুমে চালগুলো রাখা হয়। ২ জুন থেকে বিতরণ শুরুর প্রস্তুতি নিলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌরসভা কার্যালয়ের ভেতর ৩-৪ ফুট পানিতে ডুবে যায়।