পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে বজ্রপাতে মোঃ ওয়াহিদ (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

মরহুমের জানাজা সম্প্রতি লাউতলি হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদ ছিলেন অবিবাহিত, ভদ্র ও পরিশ্রমী এক তরুণ। ২০২৩ সালে লক্ষীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর কলেজে ভর্তি না হলেও বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। পাসপোর্টও করেছিলেন, ভিসা পেলে বিদেশ পাড়ি জমাবেন—এই প্রত্যাশা নিয়েই দিন কাটাচ্ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করতেন এবং গ্রামে আদর্শ ও শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিলেন।