সুনামগঞ্জ পৌর শহরের দুটি রেস্টুরেন্টকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার দুপুর একটায় সদর থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

শহরের পানসী রেস্টুরেন্ট এবং রাজধানী রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। অপরিচ্ছন্নতার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং রাজধানী রেস্টুরেন্টকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, শহরের এই দুটি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করা হয়। সেই আলোকেই আমরা অভিযান পরিচালনা করি।

অভিযানে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং অপর একটি রেস্টুরেন্টকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।