বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : বড়লেখায় রোববার রাতে একটি বিয়ের আসরে অভিযান চালিয়ে বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিষ্ট্রারকে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের জেবুল ইসলামের নাবালিকা মেয়ে নাবিলা জান্নাত নাবিলার সাথে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ের অনুষ্ঠান রোববার রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে চলছিল। বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জন্মনিবন্ধনসহ কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় কনের বয়স ১৮ পূর্ণ হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও মুচলেখা আদায় করে। এসময় বর-কনেপক্ষ ও নিকাহ্ রেজিষ্ট্রারকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনেকে স্বামীর বাড়ি না পাঠাতে কঠোরভাবে সতর্ক করা হয়। এতে কনে ছাড়াই বাড়ি ফিরলেন বর আব্দুল আজিজ রুমেল।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাল্যবিয়ের অপরাধে বরকে অর্থদন্ড প্রদান ও মুচলেকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, কনের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।