বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : বড়াইগ্রামে স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি এবং ডিবি পুলিশের পরিচয়ে দুই এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে রোববার মধ্যরাতে বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামে শিক্ষিকা আরফাতুন নাহার মেরিনার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি উপজেলার চকপাড়া গ্রামের এনজিও কর্মী আশরাফুল ইসলামের স্ত্রী ও তারানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অপরদিকে, সোমবার সন্ধ্যায় বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় ডিবি পরিচয়ে ওষুধ কোম্পানীর দুই প্রতিনিধির কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, স্বামী অন্যত্র বেসরকারী সংস্থায় চাকরি করার কারণে স্কুল শিক্ষিকা মেরিনা ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। রোববার রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে তারা কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্কচটেপ দিয়ে ছেলেমেয়েসহ তার হাত-পা, চোখ ও মুখ বেঁধে আলমিরাতে রাখা নগদ এক লাখ টাকা, ৫ ভরি সোনা ও ১০ ভরি রুপার গহনা নিয়ে চলে যায়। পরে মেয়ে অনেক চেষ্টা করে মুখের স্কচটেপ ছিঁড়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।