ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছা. সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের ছেলে আবির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তিনজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আটক তিনজনকে বিজিবি রাতে ভূরুঙ্গামারী থানায় হস্তানতর করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই শেষে তাদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।