ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব বাইশপুকুর গ্রামে তিস্তার ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত পৈতৃক সম্পদ তিস্তা নদী গ্রাস করে নিয়েছে। বর্তমানে যা অবশিষ্ট আছে, সেটুকুও বিলীন হয়ে যাওয়ার পথে। ভাঙনের তীব্রতায় এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নির্মিত বাঁধও বিপদসীমায় পৌঁছেছে।
স্থানীয়রা জানান, এই বাঁধ ভেঙে গেলে পূর্ব বাইশপুকুর, ছাতুনামা, ভেন্ডাবাড়ি সহ আশপাশের গ্রামগুলোতে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, বসতভিটা, গবাদি পশু এবং ধর্মীয় উপাসনালয় নদীগর্ভে বিলীন হবে। এতে ক্ষতিগ্রস্তরা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হবে, ভিক্ষাবৃত্তি ও চরম দারিদ্র্যের হার বাড়বে।
ঘটনাস্থল পরিদর্শন করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার সহ দুই দলের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।