বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: “সহযোগী সদস্যরাই সংগঠনের মূল ভিত্তি। তারাই জামায়াতের আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে। আদর্শিক, শৃঙ্খলাবদ্ধ ও জনসম্পৃক্ত রাজনীতির ধারাকে এগিয়ে নিতে এই শ্রেণির সদস্যদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।” — বলেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি গত শুক্রবার বাদ মাগরিব মাধবপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লাফাদী এলাকায় আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। জামায়াত একটি দায়িত্বশীল ইসলামি আন্দোলন। আমরা ক্ষমতা নয়, বরং মানুষের আস্থা অর্জন করে কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সহযোগী সদস্যদের ভূমিকা এখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপাশা ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়দ আলতাফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের প্রবীণ নেতা ও আলেম মাওলানা ইয়াছিন আলম। অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সদস্য, তরুণ প্রজন্ম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।