বাংলাদেশ হজ্ব একাডেমি (বিডিএইচএ) এর আয়োজনে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআইআরএফ) এর সহযোগিতায় গত মঙ্গলবার ঢাকায় “হাজীদের কল্যাণে হজ ফাইন্যান্সিং: ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা ও অর্থনৈতিক সম্পৃক্ততা” শীর্ষক জাতীয় সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশী মুসলিমগণ হজ আদায়ে যে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তার সমাধান কল্পে হজ ফাইন্যান্সিং সহজকরণ এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো স্বল্প খরচে হজ আদায়ের ব্যবস্থা গ্রহণের উপায় বের করার উদ্দেশ্যে আয়োজিত এ সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মাননীয় হাইকমিশনার মোহাম্মদ শুহাদা উসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, ইসলামিক স্কলার, সিনিয়র ব্যাংকার, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ চার শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের আর্থিক বোঝা কমাতে এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য একটি টেকসই হজ অর্থায়ন কাঠামো তৈরির উপর জোর দেন। বিশেষ অতিথি, মালয়েশিয়ার মাননীয় হাইকমিশনার, তাবুং হাজী পদ্ধতিতে মালয়েশিয়ার সফল হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশেষ ফান্ড গড়ে তোলার ক্ষেত্রে শরীআহসম্মত বিনিয়োগের ভূমিকা আলোকপাত করেন। বাংলাদেশ হজ একাডেমি ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে নি¤েœাক্ত ৩টি বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করা হয়: হজ অর্থায়নে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা; জাতীয় অর্থনীতিতে হজ তহবিলের অবদান এবং সাশ্রয়ী মূল্যে হজযাত্রা সহজতর করা; বাংলাদেশের জন্য হজ তহবিল ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা। সেমিনারটি যেসব নীতিগত সুপারিশ প্রদান করেছে তার মধ্যে রয়েছে: শক্তিশালী শরীআহ শাসন এবং নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে একটি বাংলাদেশ হজ তহবিল কর্তৃপক্ষ (BHFA) প্রতিষ্ঠা; উদ্ভাবনী শরীআহসম্মত হজ সঞ্চয় এবং অর্থায়ন প্রডাক্টের সম্প্রসারণ; ইসলামী ব্যাংক ও আর্থিক সংস্থাসমূহের মাধ্যমে জাতীয় উন্নয়নের জন্য পারিবারিক সঞ্চয়কে উদ্বুদ্ধ করা; স্বচ্ছতা এবং বিস্তৃতির জন্য ডিজিটাল এবং ফিনটেক প্ল্যাটফর্মসমূহকে কাজে লাগানো; নি¤œ ও মধ্যম আয়ের হজযাত্রীদের জন্য ক্রস-ভর্তুকির ব্যবস্থা করা। আয়োজকরা মনে করেন, সেমিনারটি আধ্যাত্মিক পরিপূর্ণতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়নের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা নীতিনির্ধারক, নিয়ন্ত্রক, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের বাংলাদেশে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং শরীআহভিত্তিক হজ অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।