যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলার চুড়মনকাঠি হাইওয়ে রাস্তার পাশে সেলিম রেজা (৪৫) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সেলিম রেজা সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেনের ছেলে।

রবিবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে হাইওয়ে রাস্তার পাশে সেলিম রেজার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম রেজা ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর ধারণা, ছিনতাই কিংবা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের সদস্যরা সেলিম রেজার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়।