রাজশাহীতে ডিবির বরখাস্তকৃত এসআই মাহবুব হাসানকে জনতা আটক করে চন্দ্রিমা থানার পুলিশের কাছে সোপর্দ করেছেন। শনিবার রাত ১১টার দিকে নগরীর হজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসআই হাসানের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও টাকা আদায়ের বহু অভিযোগ রয়েছে।

একজন ভুক্তভোগী অভিযোগ করেন, আওয়ামী লীগের ক্ষমতাকালে এই হাসান মানুষকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারের নামে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাতেন। বিএনপি ও জামায়াতের অনেক নেতাকর্মীকে নির্যাতনের সাথে জড়িত হাসানকে এতোদিন গ্রেপ্তার করা হয়নি। জানা গেছে, এসআই হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। ২০১৩ সালে এসআই নিয়োগের পর তিনি রাজশাহী নগরীর মতিহার থানায় যোগ দেন। পরে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর তিনি মহানগর ডিবি পুলিশে যোগদান করেন। অভিযোগে জানা গেছে, চাকরিজীবনের শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া ছিলেন তিনি। রাজশাহীতে বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের পর নির্যাতন করে জখম ও পঙ্গু করার অভিযোগ রয়েছে এসআই হাসানের বিরুদ্ধে। শুধু রাজনৈতিক নেতাকর্মীই নয়, সাধারণ মানুষকেও চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের ফাঁদে ফেলেছিলেন তিনি। এসব অপকর্মের মাধ্যমে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। বোয়ালিয়া মডেল থানা সূত্র জানায়, এসআই হাসানের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা রয়েছে।