কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: “দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
গত ১৯ জুন উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে র্যালি শেষে এই মেলার শুভ উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য এটি অর্থ উপার্জনের একটি বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সমবায় অফিসার খালেকুজ্জামান, উপসহকারি কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মিগণ।
মেলার স্টলে স্থান পেয়েছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, বেল, ডালিম, ডেপল, জামরুল, তরমুজ, বাতাবি লেবু, কাগজি লেবু, লটকনসহ নানা প্রজাতির দেশীয় ফল।