মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে রাজিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনার পর স্বামী সুমন মিয়া পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। মৃত. রাজিয়া আক্তার তিল্লী ইউনিয়নের তিল্লীরচর এলাকার সুজন মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজিয়ার স্বজনদের অভিযোগ, তার স্বামী সুমন মিয়া পরকিয়ায় আসক্ত এবং অত্যাচারী। এসবের প্রতিবাদ করার কারণে সুমন মিয়া রাজিয়াকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মগোপনে রয়েছে। সুমনের মা নিজেও বিভ্রান্তমূলক তথ্য দেয় ফলে হত্যাকান্ডের সন্দেহ আরও জোড়ালো হয়েছে।

নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গত বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জেল হোসেন (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত তোফাজ্জেল ওই ইউনিয়নের চাঁদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। এ সময় আহত হয়েছেন কাঠমিস্ত্রীর সহযোগী সুরুত হোসেন (৩২)।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে কাঠমিস্ত্রী তোফাজ্জেল হোসেন রঘুনাথপুর গ্রামের মইনুল শিকদারের বাড়িতে টিনের ঘরের কাজ করছিলেন। অসাবধানতাবশত একটি টিন বিদ্যুতের তারের উপর গিয়ে পড়লে কাঠমিস্ত্রী তোফাজ্জেল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সহযোগী সুরুত গুরুতর আহত হন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকাকরা কবরের ভিতর থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।

ঐ গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ আঘাতের চিহ্ন রয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে।

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশি গুরুত্ব দেয়নি। আজ তার লাশ দেখতে পেয়ে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মরদেহের গলায় ওড়না পেছানো ছিলো। অস্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকায় একটি বাসা থেকে এক বৃদ্ধার মাথায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বাসাটি সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিলা বেগমের। নিহত বৃদ্ধা তার দূর সম্পর্কীয় বোন ও গৃহপরিচারিকা।

এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে চুরিকালে দেখে ফেলায় তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বাসা থেকে ৪৫ হাজার নগদ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও একটা এলইডি টিভি খোয়া গেছে বলে দাবি করেছেন শিক্ষিকা রহিলা বেগম।

তিনি আরও বলেন, নিহত বৃদ্ধার নাম শামসুন্নাহার বেগম (৭৫)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তার দুই মেয়ে এক ছেলে। দীর্ঘদিন থেকে তিনি আমার বাসায় থাকেন। প্রতিদিনের মত সকালে আমি স্কুলে যাই। আপা (মৃত বৃদ্ধা) একাই বাসায় ছিলেন।

তিনি আরও বলেন, দুপুরে টিফিনের সময় বাসায় এসে দৈনন্দিনের মত দরজায় নক করলেও কোন সাড়া না পেয়ে জানালায় নক করি। কিন্তু তাতেও কোন সাড়াশব্দ নেই। এতে পাসের বাসার লোকজনকে ডেকে আনি। এসময় দেখতে পাই দরজার বাইরের থেকে সিটকিনি লাগানো।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের চাকুর আঘাতে দুলাভাই সহিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ওই ঘটনার পর শ্যালক পালানোর সময় জনতা তাকে আটক করেছেন। আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা সরদার গ্রামে ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক শ্যালককে জনতার হাত থেকে উদ্ধার করে এবং নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত দুলাভাই সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর ঘাতক শ্যালক জুয়েল রানা (৩২) পুনট পাঁচপাইকা সরদারপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।