শাহজাহান, তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে আশঙ্কাজনক হারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক বেড়েই চলেছে ফলে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এতে বিদ্যুৎবিহীন থেকে ভোগান্তির পাশাপাশি নতুন ট্রান্সফরমার সংযোজনে লাখ লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে গ্রাহকদের।

গত সোমবার উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে মো. নাজির উদ্দিনের খামার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার চুরি হয়। একই রাতে পাশের জমির মাঠে থেকে মো. হাবিল উদ্দিন ও মো. নজিম উদ্দিনের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

চুরি ঠেকাতে অনেক এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে লোহার শিকল দিয়ে ট্রান্সফরমার বেঁধে রেখেছেন এলাকাবাসী। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, চুরি হওয়া এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোর জন্য ট্রান্সফরমারের দামের অর্ধেক পরিশোধ করতে হয় গ্রাহকদের।

আর দ্বিতীয়বার চুরি হলে ট্রান্সফরমারের মূল্যের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় গ্রাহকদের; যা দরিদ্র গ্রাহকদের জন্য খুব কষ্টের। যেকোনো মূল্যে চোর চক্রকে শনাক্ত করতে পুলিশের সহযোগিতা চেয়েছেন গ্রাহকেরা।

ট্রান্সফরমার চুরি হয়ে বিদ্যুৎবিহীন থাকা গ্রাহক চৌড়া এলাকার বাসিন্দা মো. নাজির উদ্দিন জানান, ‘আমাদের ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়। তিনদিনেও বিদ্যুৎ পাইনি। কারণ, ট্রান্সফরমারের মূল দামের অর্ধেক অর্থাৎ ২২ হাজার টাকা আমাদের দিতে হবে। এত টাকা একবারে জোগাড় করা খুবই কষ্টের। এ ব্যাপারে তাড়াশ অসি তদন্ত রুপু কর্মকার বলেন খবর পেয়েছি। তদন্ত চলছে।