বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা : রংপুরের বদরগঞ্জে অসহায় বৃদ্ধা ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ পৌর শাখা।
উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগম। তিনি দীর্ঘদিন মেয়ে জামাইয়ের বাসায় ছিলেন। কিন্তু অভাব-অনটন আর পারিবারিক কলহের কারণে মেয়ে জামাইয়ের ঘর থেকে বিতাড়িত হয়ে বড় বোনের ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। স্বজনদের অবহেলায় তিনি খেয়ে না খেয়ে কষ্টে দিন পার করছিলেন। বয়সের ভাড়ে ঠিকমত সোজা হয়ে দাঁড়াতেও পারেন না।
এমন দুঃখজনক পরিস্থিতির খবর পেয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদরগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ মাহফুজুর রহমান তার ঝুপড়ি ঘরে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ অর্থসহ চাল, ডাল, তেল, ডিম, চিনি, সাবান ও শুকনো খাবার প্রদান করেন।
এছাড়া একই গ্রামের বাসিন্দা মোঃ সুলতান মিয়ার পরিবার সম্প্রতি উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে মারাত্মক আর্থিক সংকটে পড়ে। তার খোঁজখবর নিয়েও আর্থিক সহায়তা প্রদান করেন পৌর জামায়াত নেতৃবৃন্দ এবং ভবিষ্যতেও উভয় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মাসুদ হাসান রানা, বায়তুল মাল সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, পৌর ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি সুলতান মাহমুদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি এম এ মতিন সরকার।