মোহাম্মদ মনিরুজ্জামান, মংলা : বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা বেইসের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও অগ্নি নির্বাপণ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পর্যন্ত এই কর্মশালাটি মোংলা কোস্ট গার্ড বেইস প্রাঙ্গণে আয়োজন করা হয়। কর্মশালাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান বেইস কমান্ডার কমান্ডার মোদাসসেরুল হক।

তিনি জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করা এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করে তোলা। কর্মশালায় মোংলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর এবং তরুণদের অংশগ্রহণে প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া অগ্নিকা-ের সময় কীভাবে দ্রুত এবং নিরাপদে প্রতিক্রিয়া জানানো যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কমান্ডার মোদাসসেরুল হক আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সকলকে অবহিত করেন, উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।