আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিন বছর বয়সী রাবেয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রনণ হারিয়ে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। মৃত রাবেয়া খাতুন নওগাঁ জেলার আত্রাই উপজেলার মালঞ্চা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেলে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে সড়কের পাশে শিশু রাবেয়াকে নিয়ে তার বাবা এনামুল হক ও মা পান্না বেগম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে লক্ষ্য করে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রাবেয়াসহ তিন জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রাইভেট কার চালকসহ গাড়িটি আটক করে পুলিশে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নামের ওই শিশুকে মৃত ঘোষণা করেন।