উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সমর্থন না থাকলে, এই সরকার টিকবে না বলেও মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।
গতকাল শনিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে "জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি" বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি বুঝবে? তাই আমাদের সকলকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে। সবাইকে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট বড় সকল রাজনৈতিক দলকে রাখতে হবে। আমাদের প্রথম কাজটা হবে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এখানে সকলের মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী। বেগম খালেদা জিয়ার আপস সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না। বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার।
এতে সভাপতিত্ব করেন, জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও গবেষক শাহেরীন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল বারী, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন প্রমুখ।