বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের বোদা পৌর শহরের দু’টি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা ও চার হাজার পিচ আইসক্রিম বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পৌর শহরের ভিসি সুপার আইসক্রিমের মালিক মফিজুল ইসলামকে ৫০ হাজার টাকা ও হলপাড়া এলাকার কাওসার আইসক্রিমের মালিক হাছান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভিসি সুপার আইসক্রিম ফ্যক্টরিতে পাওয়া প্রায় সাড়ে তিন হাজার পিচ ও কাওসার আইসক্রিম ফ্যাক্টরিতে পাওয়া পাচঁশত পিচ আইসক্রিম জব্দ করে বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় দুটি অবৈধ আইসক্রিম ফ্যক্টরিতে অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফ্যাক্টরিগুলোতে পাওয়া চার হাজার পিচ আইসক্রিম বিনষ্ট করা হয়েছে। তারা আইসক্রিমে ক্যামিকেল, ধুনো চিনো, রং, অস্বাস্থ্যকর পানি সহ স্বাস্থ্যহানীকর পদার্থ গুলো ব্যবহার করছে। সেগুলো খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য না। আমরা খাদ্যের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখি এবং দেখা উচিৎ।

আইসক্রিমের ক্রেতা কোমলমতি বাচ্চারা। সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান চলমান থাকবে। ফ্যাক্টরি দুটি আর আইসক্রিম তৈরী করতে পারবে না বলেও জানান তিনি। এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইন জামামুল আমিন প্রিমন, বোদা সেনা ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।