সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মারা যায়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, “অসাবধানতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা গভীরভাবে শোকাহত।”
মানববন্ধন
মাধবদী (নরসিংদী) : ইউপি চেয়ারম্যানের দুর্নিতির তথ্য সংগ্রহ করতে গেলে নরসিংদী সদরের মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে ৩ সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাধবদীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাধবদী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন মাধবদী প্রেসক্লাব ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
নাগরিক ফোরাম গঠন
রামপাল (বাগেরহাট) : রামপালের সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নে পৃথকভাবে দুইটি নাগরিক ফোরাম গঠন করা হয়েছে। সম্প্রতি রামপাল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ নাগরিক ফোরাম গঠিত হয়। প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক ফোরামে প্রধান অথিতির বক্তব্য দেন সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বিশেষ অথিতির বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও নারীনেত্রী রিজিয়া পারভিন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে বৈদ্যুতিক শক লেগে তিনতলা ভবন থেকে পড়ে আহত হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ সাকিব (২৮)। তিনি উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার বাসিন্দা।
রঙের কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শকের শিকার হয়ে তিনি তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।