আলীকদম সংবাদদাতা : আলীকদম উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আলীকদম কলেজের একাডেমিক ভবনের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের সংশোধিত লে-আউট হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. এরশাদ, কাজের ঠিকাদার এলিচ রায়হান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো এবং আলীকদম প্রেসক্লাবের সভাপতি ও কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদ।

জানা গেছে, ২০২৩ সালের ১০ জুলাইয়ের আগে পর্যন্ত আলীকদম উপজেলা ছিল দেশের একমাত্র কলেজবিহীন উপজেলা। সেই বছরের ১০ জুলাই তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে আলীকদম কলেজ প্রতিষ্ঠাকল্পে প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং এরপর থেকেই কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ২ জুন তৎকালীন পার্বত্যমন্ত্রীর নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেয়। ২০২৫-২০২৬ অর্থবছরে ৫ তলা ফাউন্ডেশনের একাডেমিক ভবন নির্মাণে গ্রাউন্ড ফ্লোরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। সম্প্রতি কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রস্তাবিত গ্রাউন্ড ফ্লোরের মধ্যে থাকছে ২টি শ্রেণিকক্ষ, অধ্যক্ষের কক্ষ, শিক্ষক ও অফিস রুম, ৭টি বাথরুম, ১টি লিফট এবং ১টি সিঁড়ি। পূর্বের ফ্লোর প্ল্যানের কিছুটা রদবদল করে নতুন এই লে-আউট দেওয়া হয়েছে।