হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : সরকার কর্তৃক চট্টগ্রামকে রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করার পর হাটহাজারী পৌরসভা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকদের জাতীয়তা সনদ, ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যু সনদসহ অন্যান্য সনদপত্র প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে পৌরসভার কোন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের মাধ্যমে দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে বিভিন্ন সনদ প্রদান করা হচ্ছে। তবে, এই প্রক্রিয়াটি যথেষ্ট সময়সাপেক্ষ বিষয়।

এমতাবস্থায়, হাটহাজারী পৌরসভায় বসবাসরত সম্মানিত নাগরিকদের পর্যাপ্ত সময় হাতে রেখে উল্লেখিত সনদপত্রের জন্য আবেদন করার অনুরোধ করা হয়েছে। জাতীয়তা সনদসহ অন্যান্য সনদ প্রদানের জন্য ১০ (দশ) কার্যদিবস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, সরকারের এই নির্দেশনা এবং পৌরসভার এই সতর্কতা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এবং অবৈধভাবে সনদ গ্রহণ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মানিত নাগরিকবৃন্দকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।