সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিদেশে থাকা সম্পদ হস্তান্তর ঠেকাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইন্টারপোলের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ‘ রেড নোটিশ’ জারির জন্য আদালতে আবেদন করেছে। দুদক জানায়, জাবেদ দম্পতি বিদেশে ৫৮২টি ফ্ল্যাট ও বাড়ি বিক্রির চেষ্টা করছেন, যা অর্থ পাচারের মাধ্যমে কেনা হয়েছে বলে অভিযোগ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরের সিনিয়র স্পেশাল জজ মো. আবদুর রহমানের আদালতে এই আবেদনটি করা হয়। ২১ সেপ্টেম্বর এ আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে গত ২৪ জুলাই জাবেদ দম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলার তদন্তের সময় বিদেশে তাঁদের বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। এখন এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা চলছে বলে প্রমাণ মিলেছে। সম্পদ একবার বিক্রি হয়ে গেলে তা দেশে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে, তাই রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। উল্লেখ্য, আদালতের নির্দেশ বা তদন্ত সংস্থার অনুরোধে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলে রেড নোটিশের জন্য আবেদন করে থাকে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের আগে তিনি পরিবারসহ লন্ডনে চলে যান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।