মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হলো শিল্পাঞ্চল খ্যাত নরসিংদী মাধবদী বাজারের ছোট-বড় প্রায় শতাধিক দোকান ঘর। সম্প্রতি মাধবদী বাজারের মুড়ি, মুদি, ইলেক্ট্রিক ও স্বর্ণ পট্টি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডাম্পিং কাজ শেষ করে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে এবং এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
অগ্নিকান্ড নিয়ন্ত্রনের পর মাধবদী বাজারের পুড়ে যাওয়া দোকান ও ব্যবসায়ীদের খোজ খবর নিতে এবং পরিদর্শনে আসেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন, আবু সালেহ চৌধুরী, আমান উল্লাহ আমান, নরসিংদী থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ, শহর জামায়াতের আমীর আমিনুল হক সহ জামায়াতের আরো নেতা কর্মীরা, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও পরিচালকরা।