ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকার দর্জিবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে এক বর্গাচাষীর কচু ক্ষেত কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন। অন্যদিকে, কৃষি বিভাগও ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাউদ্দিন জানান, তিনি মো. আজিজুল হকের পুত্র এবং এলাকাবাসীর নিকট একজন পরিচিত বর্গাচাষি। জমি বর্গা নিয়ে সেখানে তিনি উন্নত জাতের পানি কচু চাষ করছিলেন। তার অভিযোগ, জমির পার্শ্ববর্তী মালিক আব্দুল কাদেরের বাঁশঝাড় জমি চাষাবাদে বিঘœ ঘটাচ্ছিল। এজন্য কিছু বাঁশ কেটে ফেলেন তিনি। পূর্বশত্রুতার জেরে আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ রাতের আঁধারে আলাউদ্দিনের কচু ক্ষেতের শতাধিক গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। এতে তার আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
আলাউদ্দিন জানান, তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কচু গাছ কেটে ফেলার পাশাপাশি আমাকে অকথ্য গালিগালাজ করে এবং হত্যার হুমকি পর্যন্ত দেয় রিয়াজ। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রিয়াজ বলেন, ‘জমি নিয়ে বিরোধ সত্য। তবে তারা নিজেরাই রাতের আঁধারে কচু গাছ কেটে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। তারা আমাদের বিরুদ্ধে প্রপাগন্ডা করছেন। বিষয়টি নিয়ে থানায় বৈঠক হয়েছে কিন্তু তারা কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারেনি।’
কৃষকের অপুরণীয় ক্ষতির বিষয়টি সরেজমিনে দেখতে ইতিমধ্যে উপজেলা কৃষি কার্যালয় থেকে একটি দল ঘটনাস্থলে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেক বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। খবর পেয়ে আমরা একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি এসে প্রতিবেদন দিলে ওই কৃষককে সহায়তার বিষয়টি আমরা ভেবে দেখবো।’
ভুজপুর থানাধীন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, ‘শনিবার (১২ জুলাই) উভয় পক্ষকে নিয়ে অভিযোগ কেন্দ্রে বৈঠক বসেছিলাম। অভিযোগকারী কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারেন নি। তাই পরবর্তীতে সাক্ষীসহ বৈঠকের জন্য বলা হয়েছে।’