মাগুরা সংবাদদাতা: বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক এক সেমিনার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা সমাজসেবা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অনিন্দিতা রায় পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় খুলনা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। মাগুরা শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুছার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আগারগাঁও সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান। সেমিনারে র‌্যাপোটিয়ার ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রবেশন অফিসার মেহেতাজ আরা। মাগুরা শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে মূল প্রবন্ধে জানান হয় দেশে আয়ের দিক দিয়ে পিছিয়ে পড়া বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর ৫৭ লাখ মানুষের মধ্যে বেদে, তাঁতী, কামার,কুমার ও জেলে সম্প্রদায়েরই হতদরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এ-ই বিপুল জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ শহর সমাজসেবা কর্মকর্তা ইমামুল হক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। আলোচক ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন। এতে সিংড়া ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা যথাক্রমে আবু দাউদ ও সুমন সরকার র‌্যাপোটিয়ার হিসেবে অংশ নেন।

সেমিনারে এই প্রকল্পের লক্ষিত প্রান্তিক পেশাজীবী কামার, কুমার, মুচি, নাপিত, কাঁসা-পিতল সামগ্রী প্রস্তুতকারী এবং বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা অংশ নেন।