কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। রাস্তাটি জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । বড় বড় খানা- খন্দ, গর্ত আর কাদা মাটিতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে । আর ভোগান্তিতে পড়েছে স্কুল, কলেজ ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় হতে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা। দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পেরিয়ে গেলেও সেখানে উন্নয়নের কোন ছোয়া পড়েনি। এই রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগও নেয়নি কেউ । ফলে অবহেলায় পড়ে রয়েছে গ্রামটি। এই অবহেলিত জনপদে রয়েছে সেনা সদস্য ও কৃষি অফিসারের বাসা বাড়ি । তারা রাস্তায় কাদা মাটি আর বড় বড় গর্ত থাকায় বছরে একবার ছুটি পেলেও বাসায় আসতে পারেন না। একই সাথে মাঠ থেকে কৃষকরা ফসল আনতে খুব কষ্টভোগ করতে হয়। কিছু কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। এই গ্রামের কোন গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিতে অনেক সময় লেগে যায়। এতে করে রোগিরও অনেক ক্ষতি হয়।

এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কারের কোন ব্যবস্থা নেয়া হয়নি।কয়েকজন কৃষক জানান, পাশের মাঠের সব ফসল এই রাস্তা দিয়ে বাড়ি নিতে হয়। এখানকার কৃষি পণ্য বাজারজাত করার জন্য এই রাস্তাটি একমাত্র অবলম্বন। আমাদের এ কষ্ট কবে দূর হবে তার কোনো ঠিক নেই।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান (নিশান) বলেন, রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন। জন সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় মানুষ।

ভুক্তভোগিসহ সচেতন মহল জানান, ভোগান্তি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সাধারণ জনগণ রাস্তাঘাটের উন্নয়ন দেখতে চায়। এলাকাবাসী অবহেলিত রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষর সুদৃষ্টি কামনা করেছেন।