সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়মের প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে।

সম্প্রতি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশত নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে শ্লোগান দেয়। জেলা সভাপতি ‘সাদিকের দালালরা, হুশিয়ার সাবধান’, ‘সাদিকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বাবুলের দুই গালে, জুতা মারো তালে তালে’, মাহমুদুলের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ নানা শ্লোগান দিতে থাকেন। এবং জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের ছবি সম্বলিত কুশপুত্তলিকায় জুতা দিয়ে পেটানোর দাহ করা হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। বক্তারা অভিযোগ করে বলেন, ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠনে ২ ঘন্টা করে সময় দিয়ে নবায়ন ও সদস্য সংগ্রহের সিদ্ধান্ত দেয় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু সদস্য সংগ্রহ ও কমিটি গঠনে করা হয় নানা অনিয়ম। মূলত ইউনিয়নের দায়িত্বে থাকা বিএনপি নেতা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব যোগসাজশ করে কমিটি গঠন করেন।