উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের সখিপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি নির্বাচনে শাকিল আনোয়ার সভাপতি ও সাজ্জাদ লতিফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে ছিল প্রাণচঞ্চল পরিবেশ। ভোটারদের সরব উপস্থিতিতে নির্বাচনী আমেজ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, এম. সাইফুল ইসলাম শাফলু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জুয়েল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম বাবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সোহেল। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল শাকের। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সখিপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বাহারুল ইসলাম এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।