আবদুল হাই ইদ্রিছী: কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে হাসপাতালটি পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে সম্পূর্ণ হাসপাতাল ঘুরে দেখে রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন এবং তাদের কোন অভিযোগ আছে কী না তা জানেন। এসময় তাঁর সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল হক ভূইয়া সহ হাসপাতাল কর্তৃপক্ষ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন- হাসপাতাল পরিদর্শন করেছি, হাসপাতালে ডাক্তারের পদ রয়েছে ১৪টি কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন ৪ জন। ৪ জন ডাক্তার মিলে ১৪ জনের সার্বিস দেয়া অবশ্য কঠিন একটি বিষয়। আমরা এবিষয়ে সিভিল সার্জন মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি, ইতিমধ্যে ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি শিগগিরিই এই সমস্যা সমাধান হবে। কিছু অপরিচ্ছন্নতার বিষয় রয়েছে যা দ্রুত পরিস্কার করা হবে। ওষুধের যে তালিকা রয়েছে তালিকা অনুযায়ী ওষুধ প্রদান করা হচ্ছে। হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আপনাদের যার যে সমস্যা রয়েছে তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয়কে জানাবে, প্রয়োজনে আমাকে জানাবেন-আমরা পর্যায়ক্রমে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাদান করবো।
যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতাল নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- তাদের যদি কোন যৌক্তিক দাবি থাকে তাহলে তারা সঠিকভাবে আমাদেরকে জানালে আমরা তা সমাদান করবো।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল হক ভূইয়া বলেন- “হাসপাতালটি অবকাঠামোগতভাবে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনও ৩১ শয্যার সরঞ্জাম দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীদের সেবা দেয়ার, তবে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণীর অধিকাংশ পদ শূন্য থাকায় শতভাগ মানসম্মত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। শূন্য পদ পূরণ করা গেলে সেবার মান অনেকগুণ বাড়বে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হাসপাতালটির বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা গেলে কমলগঞ্জের জনগণ উন্নত চিকিৎসা সেবা পাবে।