স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঢাকা-গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার, ডঃ মোঃ নাজমুল করিম খান। বুধবার সকাল থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত পদক্ষেপগুলো পর্যেবক্ষণ করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, তা নিশ্চিত করতে জিএমপি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, “গণপরিবহন ব্যবস্থাপনা, যানজট নিরসন ও অপরাধ দমনে জিএমপিথর সব ইউনিট সক্রিয় রয়েছে। যাত্রী নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটও একযোগে কাজ করছে।

কমিশনার যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা বার্তায় বলেন, “ভ্রমণের সময় অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। অজ্ঞান পার্টি ও মলম পার্টি প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে, তাই সকলকে সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। একইসঙ্গে, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে মহাসড়কে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, জিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দল ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, ঈদযাত্রা চলাকালে গাজীপুর মহাসড়ক হবে স্বস্তিদায়ক, ঝুঁকিমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ।