মোংলা সংবাদদাতা : মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর নৌযান শ্রমিক মো. রাব্বির লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল। শনিবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানো হলেও লাশ পাওয়া যায় রবিবার রাত সাড়ে সাতটার দিকে।
নৌবাহিনীর সূত্রে জানা গেছে, সিপিও জাহিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি ডুবুরি দল নিবিড় অনুসন্ধান চালিয়ে মোংলা পশুর নদীর কাইনমারি নালা এলাকা থেকে রাব্বির লাশ উদ্ধার করে। এ সময় নদীর দু’পাড়ে স্থানীয় মানুষ লাশ উদ্ধারের ঘটনা প্রত্যক্ষ করেন।
দীর্ঘ অনুসন্ধান এবং একাধিক চেষ্টার পর অবশেষে গত ২৪ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনীর ডুবুরি দল। পরবর্তীতে লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।