মোংলা সংবাদদাতা : সুন্দরবনে ভ্রমণে এসে এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত নারী পর্যটকের নাম কারমেলন ইলিন (৫৭)। তিনি আয়ারল্যান্ডের নাগরিক। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে নোঙর করা জাহাজে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান।
খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরে শরণখোলা থানার ধানসাগর নৌপুলিশ নিহত পর্যটকের লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে ওই নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।