করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : করিমগঞ্জ উপজেলার সকল বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় ক্লাশ চলাকালীন সময়ে প্রতিষ্ঠান প্রাঙ্গনে মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নিবাহী অফিসার তাহমিনা আক্তার গত ২৬ অক্টোবর এ নির্দেশনাটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। নির্দেশনা বলা হয়েছে- সম্প্রীতি সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল চলাকালীন সময়ে মোবাইল ফোনের ব্যবহারের প্রবণতা বেড়েছে। এতে পড়াশোনার কার্যক্রম ব্যাঘাত ঘটছে। এমনকি শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। তাই প্রশাসন প্রতিষ্ঠান প্রাঙ্গনে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ প্রধান শিক্ষক ও সুপারদেরকে এই নির্দেশনা বাস্তবায়নের কুটুর হতে বলা হয়েছে। প্রয়োজনে অভিভাবকদেরকে বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন -শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ ফেরাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এদিকে, প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক। তবে কেউ কেউ মন্তব্য করেছেন- উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট বিষয়ে ক্ষেত্রে শিক্ষামূলক ব্যবহারের সুযোগ রাখা যেতে পারতো।
উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আরোপিত বিষয়টি সম্প্রীতি উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় আলোচনায় আসে। এরপরে উপজেলা প্রশাসন তা বাস্তবায়নের উদ্যোগ নেয়।