দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা চাওয়ায় পুলিশের এক সোর্সকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর তা পাশেই দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখেছেন পুলিশের এস আই। সম্প্রতি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার এসআই সাগর ও তার সোর্স মিশর ঘোষ সাদা পোশাকে ভাগজোত বাজারের একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে গিয়ে সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী শিলন (২৭) এর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। মাদক ব্যবসায়ী শিলন চাঁদার টাকা দিতে অস্বীকৃৃতি জানালে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী শিলনের হাতে হাতকড়া পরাতে গেলে শিলন ও রাজনৈতিক দলের কার্যালয়ে অবস্থান করা স্থানীয় লোকজন পুলিশের সোর্স মিশর ঘোষের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এসময় থানার এস আই সাগর ঘটনাস্থল থেকে দূরে সরে গিয়ে তার সোর্সকে মারপিটের দৃশ্য দেখতে থাকে। পরে স্থানীয় লোকজন পুলিশের সোর্স মিশর ঘোষকে উদ্ধার করে পুলিশের এস আই সাগরের হেফাজতে দিলে আহত অবস্থায় মিশরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র ভর্তি করা হয়। পুলিশের সোর্সের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত এলাকার সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বর জানান, পুলিশের সোর্স মিশর ভাগজোত এলাকার শিলনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিলন ও আরো কয়েকজন মিলে মিশরকে মারধর করে। এতে তার কপালে মারাত্মক আঘাত লাগে। শুনেছি শিলন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে এই হামলার নেতৃত্বে ছিলো।